স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম
ইসিকে আরও কঠোর হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করেন। সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা দরকার, তাই করবেন। এক্ষেত্রে শেখ হাসিনা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে এবং হবে। সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত আছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ আছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, কেন্দ্রীয় ১৪ দল একটি আদর্শের ওপর প্রতিষ্ঠিত। জঙ্গিবাদ মোকাবিলার ক্ষেত্রে ১৪ দল ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। আদর্শের ক্ষেত্রে আমাদের কারও সঙ্গে কোনও আপস নেই। তিনি বলেন, নিরপেক্ষতার নামে যারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেন, তাদের সঙ্গে কোনও আপস হতে পারে না। বঙ্গবন্ধুর খুনি, জাতীয় চার নেতার খুনি, ৭১-এর ঘাতক, ২১ শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের যারা আশ্রয় দেন এবং সজিব ওয়াজেদ জয়কে যারা অপহরণের ষড়যন্ত্র করেন, তাদের সঙ্গে কোনও আপস হতে পারে না।
একই অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, মুজিব নগর সরকার বাংলাদেশের প্রথম সরকার। এই সরকার মুক্তিযুদ্ধের সময় সঠিক নেতৃত্ব দিয়ে ছিল বলেই আজ বাংলাদেশ স্বাধীন। দেশের গণতন্ত্রের কোনও সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে যে ধরনের অপরাধ করেছিল, এখও সেই অপরাধ করে যাচ্ছে। বিএনপি-জামায়াতের আমলে রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতার যে পৃষ্টপোষকতা দেওয়া হতো, এখন তা দূর হয়েছে।
আলোচনাসভায় বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আসীম কুমার উকিল।
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.